একটি ভেলা বদলে দিল দুর্গম পাহাড়ের জীবন

Date: 2026-01-19
news-banner

বর্ষায় প্রবল স্রোত নামত সামিরা দূরহাট ছড়ায়। স্রোতে ঝুঁকি নিয়ে ছড়া পার হতে হতো দুই পাড়ের মানুষকে। বেশি সমস্যায় পড়ত শিশু ও বৃদ্ধরা। বন্ধ হয়ে যেত শত শত শিক্ষার্থীর বিদ্যালয় যাত্রা। অনেক সময় পানিতে পড়ে যেত শিশু শিক্ষার্থীরা, নষ্ট হতো তাদের বই-খাতা। উৎপাদিত কৃষিপণ্য নিয়ে আটকা পড়তেন কৃষকরা। জুরাছড়ির পাহাড়ি জনপদের মানুষের এই দুর্ভোগের অবসান ঘটিয়েছে জলবায়ু সহনশীল একটি টেকসই ভেলা।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ‘স্থানীয় নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক অভিযোজনের মাধ্যমে জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় সামিরা দূরহাট ছড়া পারাপারের জন্য তৈরি করা হয়েছে দুটি ভেলা। গত বুধবার ভেলায় পারাপার উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য বরুণ বিকাশ দেওয়ান।

স্থানীয় নেতৃত্ব ও জনগণের সক্রিয় অংশগ্রহণে তৈরি এই ভেলাটি এখন এলাকার ৮৪টি পরিবারের জন্য নিরাপদ যাতায়াতের ভরসা। পাহাড়ি ভূপ্রকৃতি ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বিবেচনায় টেকসই উপকরণ ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে, যাতে বর্ষা মৌসুমেও স্থানীয়দের চলাচল ব্যাহত না হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বরুণ বিকাশ দেওয়ান বলেন, ‘স্থানীয় জনগণের চাহিদা অনুযায়ী নেওয়া এ ধরনের উদ্যোগ পাহাড়ি অঞ্চলে জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এতে মানুষ নিজেরাই পরিবর্তনের অংশীদার হচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘পাহাড়ি জনপদের একটি ভেলা অবকাঠামোগত দিক থেকে ছোট মনে হলেও জুরাছড়ির মানুষের কাছে এটি নিরাপত্তা, সম্ভাবনা এবং জলবায়ু সহনশীল ভবিষ্যতের প্রতীক।’

ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য জীবন চাকমা বলেন, ‘আগে বর্ষাকালে স্থানীয়দের জন্য খাল পার হওয়া ছিল দুঃসাধ্য। এখন শিশু, নারী ও বৃদ্ধ সবাই নিরাপদে চলাচল করতে পারছেন। আগামী বর্ষায় আর এই এলাকার মানুষ ছড়া পারাপারে কষ্ট পাবেন না।’ দূরহাটছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুজিতা চাকমা বলেন, ‘পারাপারের ভালো ব্যবস্থা না থাকায় আগে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা কঠিন ছিল। অনেক সময় পানিতে পড়ে বই-খাতা নষ্ট হতো। এখন সেই ঝুঁকি আর নেই।’
ভেলাটি যাতায়াতের সুবিধার পাশাপাশি বদলে দিয়েছে এলাকার অর্থনৈতিক চিত্রও। কৃষকরা এখন সহজেই পাহাড়ে উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে পারছেন। এতে সময় বাঁচার পাশাপাশি পরিবহন ঝুঁকিও কমেছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা বলেন, ‘এই ভেলা এলাকার সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি এনেছে। পাহাড়ের মানুষ খুব সহজে পণ্য পরিবহন করতে পারবেন।’

advertisement image

Leave Your Comments

Trending News