নিজ দলের নেতাকর্মীদের শান্তি-সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচার চালানোর আহ্বান জানিয়েছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। গতকাল শনিবার ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান। ভোট নিয়ে নানা ধরনের হুমকি-ধমকি ও একটি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানালেন তিনি।
পোস্টে শামা ওবায়েদ লেখেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় বিশ্বাস করতেন– ভিন্নমত থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যের ভিত্তিতেই রাজনীতির চর্চা হওয়া উচিত। ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক, এমন কোনো নীতিমালা বা কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি কখনও আপস করেনি, ভবিষ্যতেও করবে না। এটাই আমাদের রাজনৈতিক অবস্থান ও বিশ্বাস।’
তিনি আরও লেখেন, ‘প্রায় ১৮ বছর ধরে বিএনপির ওপর অব্যাহত দমন-পীড়ন, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। তবুও আমরা কখনও গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের ওপর থেকে বিশ্বাস হারাইনি। সেই বিশ্বাস থেকেই ৫ আগস্ট পরবর্তী তত্ত্বাবধায়ক (অন্তর্বর্তী) সরকারে অংশগ্রহণ থেকেও বিএনপি বিরত থেকেছে। কারণ, বিএনপি ক্ষমতার রাজনীতিতে নয়, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে।’
শামা ওবায়েদ বলেন, ‘আমার রাজনৈতিক জীবন ও মূল্যবোধ গঠনের পেছনে আমার বাবা কে এম ওবায়দুর রহমানের আদর্শ ও কর্মধারা বিশেষভাবে প্রভাব ফেলেছে। তিনি দলমত নির্বিশেষে নগরকান্দা ও সালথার মানুষকে নিজের ঘরের মানুষ, নিজের আপনজন হিসেবে দেখতেন।’ তিনি আরও লেখেন, ‘দীর্ঘ ১৮ বছর পর জনগণের ভোটাধিকার প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। এই ঐতিহাসিক সময়ে দলমত নির্বিশেষে সকলের প্রতি আমার আন্তরিক আহ্বান– পারস্পরিক সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণা পরিচালনা করুন। নগরকান্দা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। উপরিউক্ত বিষয়গুলো গভীরভাবে বিবেচনায় রেখে, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে ধানের শীষের পক্ষে গণমানুষের কাছে পৌঁছে যান।’ তিনি লেখেন, ‘আসুন, আমরা সবাই মিলে ভয় নয়, বিশ্বাসের রাজনীতি; সহিংসতা নয়, সহনশীলতার রাজনীতি; ক্ষমতার নয়, জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করি।’
গত ১৪ জানুয়ারি রাতে উপজেলা জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা আলমগীর শেখের ওপর হামলা করে জখম করার অভিযোগ উঠে বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। বিএনপি বলছে, জমিসংক্রান্ত বিরোধে এ হামলা হয়েছে। অন্যদিকে, জামায়াত এটিকে রাজনৈতিক ঘটনা বলছে। এ ছাড়া ফরিদপুর-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ওরফে ধলা হুজুরের গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকির একটি কলরেকর্ড শুক্রবার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।