কিশোরগঞ্জের অষ্টগ্রামের শতবর্ষী চৌদ্দমাদল মেলা এ বছর হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সার্বিক নিরাপত্তার কারণ দেখিয়ে এ মেলা আয়োজনের অনুমতি দেয়নি জেলা প্রশাসন।
মেলা সংশ্লিষ্টরা জানান, প্রশাসনের অনুমতি না পাওয়ায় ঐতিহ্যবাহী চৌদ্দমাদল মেলা এবার হচ্ছে না। আজ রোবাবর চার দিনের মেলাটি শুরু হওয়ার কথা ছিল। চলতি বছর ছিল এটির ৯৬তম আয়োজন। স্থানীয় বাঙালপাড়া ইউনিয়ন খেলার মাঠে আয়োজন করা হতো এ উৎসবের।
এদিকে, মেলার অনুমতি না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হতাশা বিরাজ করছে। তাদের ভাষ্য, মেলাটি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আয়োজন হলেও শেষ পর্যন্ত তা সব ধর্ম ও শ্রেণির মানুষের মিলনমেলায় পরিণত হতো। মেলা ঘিরে পুরো হাওরাঞ্চলে কয়েকদিন ধরে আনন্দমুখর পরিবেশ তৈরি হতো।
শতবর্ষী চৌদ্দমাদল মেলা আয়োজনের অনুমতি না দেওয়ার বিষয়ে অষ্টগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, সামনে নির্বাচন থাকায় এবং নিরাপত্তাজনিত কারণে এবার মেলার অনুমোদন দেওয়া হয়নি। মূলত জনসমাগম নিয়ন্ত্রণের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, বর্তমানে নির্বাচনই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপত্তার স্বার্থে এবার মেলার অনুমতি দেওয়া সম্ভব হয়নি।