ফাহাদের ফাইফার, ভারতকে ২৩৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

Date: 2026-01-19
news-banner

জিম্বাবুয়ের বুলাওয়েতে যুব বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পেসার আল ফাহাদের বিধ্বংসী বোলিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ২৩৮ রানেই অলআউট করেছে জুনিয়র টাইগাররা। দুর্দান্ত বোলিংয়ে ফাহাদ একাই শিকার করেছেন ৫ উইকেট।

শনিবার কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বৃষ্টির কারণে টস হতে কিছুটা দেরি হয়। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই ভারতকে চাপে রাখে বোলাররা। ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই বলে ভারত অধিনায়ক আয়ুশ মাত্রে (৬) ও ভেদান্ত ত্রিবেদীকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান পেসার আল ফাহাদ। এরপর আজিজুল হাকিম তামিম ভিহান মালহোত্রাকে (৭) ফেরালে ৫৩ রানেই ৩ উইকেট হারায় ভারত।

চতুর্থ উইকেটে ভারতের হাল ধরেন বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুন্ডু। তাদের ৬২ রানের জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন। ৭২ রান করে ইমনের বলে ফাহাদের হাতে ধরা পড়েন সূর্যবংশী। এরপর বৃষ্টির বাধায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে এবং ১ ওভার কমানো হয়।

বৃষ্টির পর ফিরে আবারও আঘাত হানে বাংলাদেশ। একপ্রান্ত আগলে রাখা অভিজ্ঞান কুন্ডু একাধিকবার জীবন পেলেও শেষ পর্যন্ত ৮০ রান করে ফাহাদের শিকার হন। শেষদিকে দীপেশ দেভেন্দ্রানকে আউট করে নিজের ৫ উইকেট পূর্ণ করেন ফাহাদ। তার তোপে নির্ধারিত ওভারের আগেই ২৩৮ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ২৩৯ রান।

advertisement image

Leave Your Comments

Trending News