ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা এটি আবারও প্রমাণ হলো পাকিস্তানের করাচিতে। মাত্র ৪০ রানের লক্ষ্য দিয়ে প্রতিপক্ষকে হারিয়ে ২৩২ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এটিই এখন সবচেয়ে কম রান তাড়া করে জয়ের রেকর্ড।
প্রেসিডেন্টস ট্রফির ম্যাচে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডকে (এসএনজিপিএল) মাত্র ৪০ রানের লক্ষ্য দিয়েছিল পিটিভি। জয়ের জন্য নামা এসএনজিপিএলকে পিটিভির বোলাররা মাত্র ৩৭ রানেই অলআউট করে দেয়। ফলে ২ রানের ঐতিহাসিক জয় পায় পিটিভি।
এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে এত ছোট লক্ষ্য রক্ষা করার নজির ছিল না। সর্বশেষ রেকর্ডটি ছিল ১৭৯৪ সালের। সেবার লর্ডস ওল্ড গ্রাউন্ডে এমসিসির বিপক্ষে ৪১ রানের পুঁজি নিয়ে ৬ রানে জিতেছিল ওল্ডফিল্ড। ২৩২ বছর পর সেই রেকর্ড ভাঙল পাকিস্তানের মাটিতে।
৪০ রান তাড়া করতে নেমে পিটিভির বোলাররা অসম্ভবকে সম্ভব করেছেন। এই ঐতিহাসিক জয়ের মূল নায়ক বাঁহাতি স্পিনার আলি উসমান। কায়দে আজম ট্রফির এই শীর্ষ উইকেটশিকারি একাই ধসিয়ে দেন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ। মাত্র ৯ রান খরচায় তিনি শিকার করেন ৬ উইকেট। এছাড়া ৪ উইকেট নেন পেসার আমাদ বাট।
ম্যাচের প্রথম দুই ইনিংস ছিল অনেকটাই স্বাভাবিক। প্রথম ইনিংসে পিটিভি ১৬৬ রানে অলআউট হওয়ার পর এসএনজিপিএল ২৩৮ রান করে ৭২ রানের লিড নেয়। কিন্তু দ্বিতীয় ইনিংসে পিটিভি ১১১ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য এসএনজিপিএলের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪০ রানের। করাচির উইকেটেসেই সহজ লক্ষ্যকেই প্রতিপক্ষের জন্য পাহাড়সম বানিয়ে বিশ্ব রেকর্ড গড়ল পিটিভি।