টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর এক মাসেরও কম সময়। ঠিক এমন মুহূর্তে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান ক্রিকেট দল। চোটের কারণে আসন্ন আসর থেকে ছিটকে গেছেন দলের অন্যতম পেসার নাভিন উল হক। একই সঙ্গে বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাচ্ছে না আফগানরা।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শেষ দিকেই নাভিনের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। তবে তার চোটের ধরন সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। যদিও এর আগে কাঁধের চোটের কারণে ২০২৫ এশিয়া কাপ মিস করেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলার সময়ই তিনি নতুন করে চোটে পড়েছেন।
নাভিনের বিকল্প হিসেবে কারও নাম ঘোষণা করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে বিশ্বকাপের রিজার্ভ তালিকায় থাকা স্পিনার মোহাম্মদ গাজানফার, ব্যাটার ইজাজ আহমদজাই এবং পেসার জিয়া উর রহমান শরিফির মধ্য থেকে কাউকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে।
আফগানিস্তানের জার্সিতে নাভিন সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। এরপর ২০২৫ সালে এসএ টোয়েন্টি এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) মাতালেও জাতীয় দলের হয়ে এশিয়া কাপে খেলা হয়নি তার। চোট কাটিয়ে আইএল টি-টোয়েন্টি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও ফের চোটে পড়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হলো এই পেসারের।