স্বাক্ষরিত জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমেদ

Date: 2026-01-15
news-banner

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘স্বাক্ষরিত জুলাই সনদের পক্ষে আছে বিএনপি। ঐক্যমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে তা আমরা অক্ষরে অক্ষরে প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করব। জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। যেটা জাতীয়ভাবে ঐকমত্য হবে সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। যেটা ঐকমত্য হয়েছে সেই বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ।’

আজ বুধবার সকালে কক্সবাজারের পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও উপজেলা তানজিমে আহলে হক্ব পরিচালিত বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দেশের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য। এগুলো করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐকমত্যের ভিত্তিতে কিছু সংস্কারের প্রস্তাব আমরা করেছি। জাতীয়ভাবে সেগুলো আমরা প্রতিপালন করব।’

এসময় তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ… সংযোজন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করেছিলেন তা আপনারা জানেন, যেটা আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার ‍বিলুপ্ত করে দিয়েছিল। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যদি দায়িত্বপ্রাপ্ত হই তাহলে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করব, ইনশাআল্লাহ।’

কক্সবাজার জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীর সভাপতিত্বে কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনির সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- মাওলানা ইয়াছিন সোলতানী, বদরখালী মদিনাতুল মাদ্রাসার পরিচালক মাওলানা সোলাইমান, আশরাফুল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

advertisement image

Leave Your Comments

Trending News