নিজ প্রার্থীদের জন্য ক্রাউড ফান্ডিং করবে এনসিপি

Date: 2026-01-15
news-banner

সংসদ নির্বাচনে নিজ প্রার্থীদের জন্য ক্রাউড ফান্ডিং করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী দুই-তিন দিনের মধ্যে একটি ওয়েবসাইট চালু করা হতে পারে। আগামী ২২ জানুয়ারি থেকে পুরোদমে গণভোট ও নির্বাচনী প্রচারণায় নামবে দলটি। গতকাল মঙ্গলবার রাতে এনসিপি সূত্রে এসব তথ্য জানা যায়। এদিন বিকেলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার জন্য ‘গণভোটের ক্যারাভান’ উদ্বোধন করেছে দলটি।
এর আগে ৪ নভেম্বর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান এবং দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে কমিটির সেক্রেটারি করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে এনসিপি। তবে নাসীরুদ্দীন প্রার্থী হন এবং তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেন। পরবর্তী সময়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলের মুখপাত্র হলে তাঁকে প্রধান করে নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়। 

এনসিপি সূত্র জানায়, নির্বাচনে প্রচার-প্রচারণার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে। দলটি তাদের প্রার্থীদের জন্য ক্রাউড ফান্ডিংয়ের জন্য একটি ওয়েবসাইট খুলবে। এনসিপির যে ৪৪ জন মনোনয়নপত্র তুলেছেন, ওয়েবসাইটে তাদের সবার জন্য একটি করে স্লট থাকবে। সেই ওয়েবসাইটে গিয়ে প্রার্থী বিশেষে মানুষ অনুদান দিতে পারবেন। তবে সেই অনুদান কেন্দ্রীয় ফান্ডে আসবে। এর মাধ্যমে বোঝা যাবে, কোন প্রার্থীর জন্য কত টাকা এলো। আগামী দুই-তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ওয়েবসাইটের উদ্বোধন করতে পারে নির্বাচন পরিচালনা কমিটির।

এদিকে দেশব্যাপী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইনের লক্ষ্যে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার উদ্বোধন করা হয় গণভোটের গাড়ি। এটি উদ্বোধন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সূত্র জানায়, এনসিপির ক্যারাভানটি ঢাকার যে কয়’টি আসনে তাদের প্রার্থী আছে, সেই আসনগুলোতে ঘুরবে।

advertisement image

Leave Your Comments

Trending News