ওসমান হাদি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ বিষয়ে শুনানি বৃহস্পতিবার

Date: 2026-01-15
news-banner

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় দাখিল করা অভিযোগপত্রের (চার্জশিট) গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম সোমবার এই তারিখ দেন। 

এ দিন অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির জন্য দিন ধার্য ছিল। একই সঙ্গে ইতোমধ্যে দাখিল করা অভিযোগপত্রের বিষয়ে কোনো আপত্তি থাকলে সে বিষয়ে বক্তব্য শোনার জন্য মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে আদালতে হাজির হয়ে জানানোর নির্দেশ ছিল।

সেই ধারাবাহিকতায় আজ আদালতে আসেন আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, শান্তা আক্তারসহ অনেকে। আব্দুল্লাহ আল জাবের আদালতে হাজির হয়ে তিনজন আইনজীবী নিয়োগ দিয়েছেন। তারা হলেন– সিনিয়র আইনজীবী আব্দুস সোবহান তরফদার, ব্যারিস্টার এস এম মইনুল করিম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মুস্তাফিজুর রহমান মুকুল। 

এদিন আদালতের নথি উপস্থাপন করার পর বাদীপক্ষের নিযুক্ত আইনজীবীরা শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালতকে আইনজীবীরা জানান, মামলার অভিযোগপত্র দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে। ৯ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, অভিযোগপত্র ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন। নথি পর্যালোচনা করে আগামী তারিখে আপত্তি দাখিল করা হবে কিনা তা বাদী জানাবেন। এ জন্য দুই-তিন দিন সময় প্রয়োজন। আদালত পরে তিন দিন সময় দিয়ে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার এস এম মইনুল করিম এসব তথ্য জানান।

গত বুধবার আদালত অভিযোগপত্রের বিষয়ে বাদীর আপত্তি থাকলে আদালতে হাজির হয়ে জানানোর নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে গ্রহণযোগ্যতার শুনানির তারিখ ধার্য করেছিলেন। এর আগে ৬ জানুয়ারি তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদির মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

advertisement image

Leave Your Comments

Trending News