রংপুরকে উড়িয়ে সিলেট পর্ব সারল টাইটান্স

Date: 2026-01-15
news-banner

রংপুর রাইডার্সকে ১৫ বল থাকতে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিপিএলের সিলেট পর্ব শেষ করল স্বাগতিক দল সিলেট টাইটান্স। শুরুতে ব্যাট করা রংপুরকে অল্প রানে ধসিয়ে দেন সিলেটের বোলার নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম। ব্যাট হাতে পারভেজ ইমন ফিফটি করে দলকে জয় এনে দেন।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ৫ বল থাকতে ১১৪ রানে অলআউট হয় রংপুর রাইডার্স। দলের ৬ রানে ওপেনার কাইল মেয়ার্স (০) ও তাওহীদ হৃদয় (৪) সাজঘরে ফিরে যান। আশা দিলেও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। তিনি চারটি চারের শটে ১২ বলে ২২ রান করে ফিরে যান।

দুই পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ ও খুশদীল শাহ ক্রিজে সেট হলেও দলকে রানের পথে তুলতে পারেননি। ইফতিখার ২০ বলে ১৭ রান করেন। খুশদীল ২৪ বলে তিন চার ও এক ছক্কায় ৩০ রানের ইনিংস খেলেন। পরে নুরুল হাসান (৯) ব্যর্থ হলে আটকে যায় রংপুর। মাহমুদউল্লাহ ২৩ বলে ২৯ রান যোগ করলেও লড়াই করার পুঁজি পায়নি টুর্নামেন্টের শুরুতে ভালো ক্রিকেট খেলা দলটি।

জবাব দিতে নেমে সিলেট ৬.৪ ওভারে ৫৪ রানের ওপেনিং জুটি গড়ে ম্যাচ সহজ করে ফেলে। তৌফিক খান ২২ বলে ৩৩ রান যোগ করেন। চারটি ছক্কা ও একটি চার মারেন তিনি। আরিফুল ইসলাম ২৬ বলে ২১ রান করলেও তা কার্যকর ছিল। তিনি ১৩তম ওভারের প্রথম বলে দলীয় ৮০ রানে আউট হন। পরে আফিফ হোসেন (১২) ও ইথান ব্রুকস (০) পরপর নাহিদ রানার বলে আউট হলেও পারভেজ ইমন ম্যাচ জিতিয়ে ফেরেন। তিনি ৪১ বলে তিনটি করে চার ও ছক্কায় ৫২ রান করেন।

এর আগে বল হাতে সিলেটের স্পিনার নাসুম আহমেদ ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। পেস অলরাউন্ডার শহিদুল ৪ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট। সিলেট গ্রুপ পর্বের ১০ ম্যাচের মধ্যে নয়টি খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট তুলেছে। শেষ চারে এক পা দিয়ে ফেলেছে তারা। টেবিলে শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও তিনে থাকা রাজশাহী ওয়ারিয়র্স ৭টি করে ম্যাচ খেলে ১০ পয়েন্ট তুলেছে।

advertisement image

Leave Your Comments

Trending News