নাসুম-মঈনদের তোপে ১১৪ রানেই গুটিয়ে গেল রংপুর

Date: 2026-01-15
news-banner
ঘরের মাঠে টস জিতে বোলিং নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিল সিলেট টাইটান্স। নাসুম আহমেদ ও মঈন আলীর ঘূর্ণিজাদুতে মাত্র ১১৪ রানে অলআউট হয়েছে রংপুর রাইডার্স। জয়ের জন্য স্বাগতিক সিলেটের প্রয়োজন ১১৫ রান।
ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সিলেটের বোলারদের তোপের মুখে পড়ে রংপুর। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে তারা। এক পর্যায়ে মনে হচ্ছিল ১০০ রানের নিচেই গুটিয়ে যাবে রংপুরের ইনিংস। তবে মিডল অর্ডারে মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহর ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ১১৪ রানের পুঁজি পায় দলটি। ১৯.১ ওভারে অলআউট হওয়ার আগে মাহমুদউল্লাহ ২৩ বলে ৪টি চারে করেন ২৯ রান। এছাড়া খুশদিল শাহর ব্যাট থেকে আসে ৩০ রান, যাতে ছিল ৩টি চার ও ১টি ছক্কার মার।
ছবি- ইউসুফ আলী (সিলেট থেকে)

এর আগে টপ অর্ডারে লিটন দাস ১২ বলে ৪টি চারে ২২ রান করে ঝোড়ো শুরুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি। ইফতিখার আহমেদ করেন ১৭ রান। দলের বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

সিলেটের হয়ে বল হাতে সবচেয়ে কৃপণ ছিলেন মঈন আলী। ৪ ওভারে ১টি মেডেনসহ মাত্র ৮ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে ১৯ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। পেসার শহিদুল ইসলাম কিছুটা খরুচে হলেও (৩৬ রান) তিনিও নেন ৩ উইকেট। এছাড়া সালমান ইরশাদ ১টি উইকেট লাভ করেন।

advertisement image

Leave Your Comments

Trending News